কুরআনের উপর অন্যান্য ইসলামিক বই রাখা
ইসলামী বইপুস্তক একটির উপর অন্যটি রাখতে কোন অসুবিধা নেই। তবে মুসহাফ বা কুরআনগ্রন্থ এর উপরে ইসলামী বইপুস্তক রাখা যাবে না।
আল-হাকীম আল-তিরমিযি বলেন
“মুসহাফের মর্যাদা হচ্ছে- মুসহাফকে খোলা না রাখা। মুসহাফের উপর অন্য কোন বই না রাখা; যাতে করে মুসহাফ সবসময় অন্য সকল কিতাবের উপরে থাকে”। [1]
ইসলামী বইপুস্তকের উপর সাংস্কৃতিক বইপুস্তক কিংবা অন্য বিষয়ের বইপুস্তক রাখা বাঞ্ছনীয় নয়। অনুরূপভাবে ইসলামী বইপুস্তকের উপর অন্য কোন জিনিসপত্র যেমন-পাত্র, পোশাক-আশাক, খাবার-দাবার ইত্যাদি রাখা ঠিক নয়; এসব গ্রন্থে আল্লাহ পাকের যে যিকির আছে ও ইসলামী জ্ঞান আছে সেসবের প্রতি সম্মানসূচক।
আল-হাইতামী (রহঃ) বলেন
হালিমীর মত বাইহাকীও বলেছেন: উত্তম হচ্ছে মুসহাফের উপর মুসহাফ ছাড়া অন্য কোন কিতাব বা কাপড় না রাখা। হালিমী এর সাথে আরও যুক্ত করেছেন: হাদিসের গ্রন্থাবলিও। অর্থাৎ হাদিসের গ্রন্থাবলিও মুসহাফের উপর রাখা যাবে না। [2]
কখনো কখনো এর বিধান হারাম পর্যায়ে পৌঁছে যেতে পারে। যদি শরয়ি গ্রন্থাবলির প্রতি অবজ্ঞা ও অপমানস্বরূপ সেটা করা হয়।
ইবনুল মুফলিহ (রহঃ) বলেন
ইবনে আব্দুল কাউয়্যি তাঁর লিখিত ‘মাজমাউল বাহরাইন’ গ্রন্থে বলেন: “সর্বসম্মতিক্রমে মুসহাফের উপর, হাদিসের কিতাবের উপর কিংবা যেসব কিতাবে কিছু আয়াত আছে সেসব কিতাবের উপর ঠেক দেয়া হারাম।” [3]
আল্লাহই ভাল জানেন।
তথ্যসূত্র
- ইসলামি জিজ্ঞাসা ও জবাব
- শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ



